একটা জলে ভেজা দিন
ফিকে হয়ে যাওয়া ডায়রীর পাতা
কিংবা একটা এমন সত্যি
পুরনো কথা বলে ওড়াতে চাইলেও
ছেঁড়া কাগজ যেমন হাওয়া লেগে
উল্টো দিকে আবার ঘরে ঢুকে আসে
এমন একটা ভেজা দিন
শুধু চশমাটা ভিজিয়ে দিয়ে যায় না
দিয়ে যায় এমন একটা স্মৃতি
যেটা চাইলেও ফিকে হয় না
রেখে দিই মনের অনেক গভীরে
গোপনে একটা ছোট্ট ঘরে
যেখানে কেউ জানতে পারবে না
ভেঙ্গে যাওয়া খেলনা--
হয়ত সেই ছোট্ট ঘরে
অনেক ধুলো পড়েছে, কিন্তু
তাও সেই ধুলোর তলায়
আছে আমার সেই গীটার,
যার তারে টান পড়লে
আজও শোনা যায় বৃষ্টির শব্দ
সেই বৃষ্টি ভেজা দিনে
একটা তীব্র অবুঝ অপমান
আর অভিমান, যা কিছু বোঝে না
ওই ভাঙা খেলনা, আবর্জনা
তাকেই নিজের বলে কাছে ডাকতে চায়
তবু শুধু এটুকু মনে পড়ে না
তুমি কি একবারও পিছু ফিরেছিলে!
বৃষ্টির ঝাপসা জানলায় দেখতে পাইনি...
তোমার চোখেও কি ছিল জল!
বুঝতে পারিনি ঝাপসা হওয়া চশমায়...
কোনো দুঃখের রেখা কি ফুটে উঠেছিল!
কেঁপেছিল কি তোমার গলা একটুও
যখন বলেছিলে ফিরবে না আর কোনো দিনও...
No comments:
Post a Comment