Sunday, July 29, 2012

ভালো না থাকার আড়ালে


আসলে সবাই ভালো থাকে
মুখোশের আড়ালে আরেকটা
মুখোশে মুখ ঢেকে রাখে
শুধু কয়েকটা বোবা দৃষ্টি জেগে থাকে
ঘরের ভেন্টিলেটারে আমৃত্যু
হারায় না কিছুই, জায়গা
পাল্টে পাল্টে থেকে যায় সবাই
অপূর্ণ স্বপ্ন অস্পষ্ট কথা ব্যথা-সুখ
বেঁচে থাকতে শেখায়, আর
এগিয়ে নিয়ে যায় গন্তব্যে
যখন কিছু ছিল না তখনো ছিলাম
বুঝি না-ভালো থাকা, এখনো আছি
গভীর গোপনে একটা ছোট্ট ঘরে
এই ভালো থাকাটাই
ভালো না থাকা, অভ্যাস

আসলে ভালো না থাকাটাই
একরকমের ভালো থাকা...

Wednesday, July 11, 2012

ভেবনা আর...


ভেবনা আর
ভেবনা কখনো ছিলাম আমি
কোন এক মুহুর্তে স্পর্শ আলগোছে
আজও যা বাকী রয়ে গেছে

ঘুম না আসা অলস দুপুর, বৃষ্টি ঝুরঝুর
কিংবা গোধুলি বারান্দায়, সে নির্জনতায়
ভেবনা কখনো ফিরে আসে সে সময়
আজও যা বাকী রয়ে গেছে..

ভেসে যায় রাস্তা, নোনা জলের বারতা
আরো ভিতরে যে ঘর, অরণ্য অশতিপর
ভেবনা কখনো খুঁজে পাবে সে চাবি
আজও যা বাকী রয়ে গেছে..

অমনস্ক ছায়াপথ ব্যস্ত চারিধার, ভেবনা আর
যা কিছু ভেবেছিলে কখনো, আর ইচ্ছে কোনো
পরে থাকা মুহুর্তে স্পর্শ আলগোছে
আজও যা বাকী রয়ে গেছে...

Sunday, July 8, 2012

কাটা ঘুড়ি


সময় ছিল না বলে
তাড়াহুড়োয় ফেলে আসা
কাটা ঘুড়ি আর মাঞ্জা
আজও রয়ে গেছে চিলেকোঠায়

ধুলি-ধুসর কোনা ছেঁড়া সে ঘুড়ি
আর বিবর্ণ ধারহীন মাঞ্জা
পড়েই থাকে নিতান্ত অবহেলায়
ভাঙা ছাদের পাশে একই ভাবে

ফ্ল্যাট, ছাদে এখন জলের আধার
তবু জল এসে জমা হয় চোখে
ধারহীন মাঞ্জায় চিরে যায় বুক
আর কাটা ঘুড়ি মনের চিলেকোঠায়

Monday, July 2, 2012

আমার বুকে

বুকে আমার জমে আছে

তিক্ততা, সব তোমায় দিলাম
তুই খালি দেখিস অভিমানে আঁচড়ানো মুখ
দেওয়ালে ফাটল ক্রমশ বাড়ে
আগাছা গুলো বাড়তে থাকে স্তরে স্তরে
অহংকারের রজ্জুতে ধরে টান

তুই খালি খুঁজিস লুকিয়ে রাখা সুখ
পায়ে পায়ে মারানো সংস্কার
একে একে তুলে দিই তোমার হাতে
চোখে ঠুলি এঁটে বেয়ারা উত্সাহে
ছিপ ফেলি গভীর জলে

বুকের আমার জমে আছে
উঁহু, চাপা নিঃস্বাস নয়, বারুদ

দরকার শুধু একটা ফুলকি—
আগুনের!