Friday, June 30, 2017

আয়নার কোণে


এখনো সেই চ্যাটচ্যাটে স্পর্শ
সোঁদা মাটির গন্ধের মতো
আছড়ে পড়ে জমে থাকা জলে
যে কোণটায় তাবিজ পড়ে আছে
কিংবা ঘুলঘুলি বেয়ে নেমে আসা
বৃষ্টি জলের দাগ শুকনো হয়ে
ফুড়ুত করে একদিন উড়ে যাওয়া
চড়ুইটার মতোই পুরোনো জমে থাকা
খড়কুটো কালবৈশাখীর দাপটে
সারা ঘর জুড়ে ধুলো আয়নায়
আঙুলে দাগ কেটে কিছুটা স্পষ্ট

নিজের মুখের সেই কাটা দাগ
উল্টোদিকে মায়ের মন কেমন করা
চাউনি আরেকবার ছুঁতে চায়
আয়নার কোণটা, যেখানে আজও
মায়ের টিপের চ্যাটচ্যাটে আঠা
ক্রমশ ঢাকা পড়ে যায় ধুলোয়

Saturday, June 17, 2017

ইনসমনিয়া


কথা ছোটো হয়ে হোয়াটসএ্যাপে ইমোজি
জন্মদিন মনে রাখে ফেসবুক
স্যাশে কেটে মেপেমুপে ক্যালোরি খাওয়া
আর রোজ রোজ স্টেটাস আপডেট

স্ক্রল করে দেখা চিপে জমানো ছবি
ইএমআই-এর ফাঁদে শপিংমলের জীবনে
ফোন বদলাতে গিয়ে হ্যাংগড ডকুমেন্টড স্মৃতি
সাইকেল ক্রমে মিলিয়ে যায় ছুটির দুপুরে

মাল্টিপল চয়েসে খালি টিক মারা
বার্নল লাগায় জিনিসের দামের আঁচে
অবান্তর স্বপ্ন স্কেলে মেপে হয়েছে বনসাই
পারিবারিক ফটো এখন খালি এলবামে

চোখ বুঁজে আসে, বেজে ওঠে মোবাইল টোন
বাজেনি আসলে, মনে হয় বেজে চলে মুহুর্তগুলোয়

কতগুলো লাইক বা কমেন্ট পড়লো তাই টেনশন
লেবুপাতার সুগন্ধি ফেলে উষ্ণ মিছিরিদানা
চেকলিস্ট তাই গুগলনোটেই আটকে থাকে
তবু একা অনেকগুলো গাছ আজও আনমনা