Saturday, March 31, 2012

সবুজের হাত ধরে

এসো আরেকবার হাত ধরো
মুঠো ভরে দেব উষ্ণতা
কুয়াশা মেঘ পার হয়ে
লুকোচুরি খেলা সূর্য
অস্ফুটে বলবে
সবুজ হয়ে যাও...

এসো আরেকবার হাত ধরো
আদর করে দেব আলো
অনেক রাস্তা ঘুরে ঘুরে
ক্লান্ত যখন তুমি
অস্ফুটে বলবে
সবুজ হতে চাই...

এসো আরেকবার হাত ধরো
ভরিয়ে দেব জীবনীশক্তিতে
সব বাঁধা-বিঘ্নকে হারিয়ে
পায়ে পায়ে চলা পথ
অস্ফুটে বলবে
সবুজ দিছে ডাক...

Wednesday, March 28, 2012

ফাঁকি

যখন মনের মন কেমন করে
আয়নার সামনে দাঁড়িয়ে
কাকে ফাঁকি দেবে!


যখন এক পশলা রোদ
এক মুঠো বৃষ্টি, আকুল হাওয়া
ঝাপসা জানলা ছুঁতে চায়,
স্নান-ঘরে ভিজে শরীরে
চোখের পাতায় জমে থাকা
আদ্রতার নি:সীম গভীরে
কাকে খুঁজতে চাও!

যখন আবার সেই আটপৌড়ে
পাড়ার মোড়ের অলিগলি
রংচটা মুদিখানায় ব্যসনের হিসাব,
বোকা বাক্সে চোখ রেখে
আধ-কাটা পেঁয়াজের ঝাঁঝ
আরেকবার মাত্র আর একবার
কাকে ভাবতে চাও!

যখন মনের মন খারাপ হয়
সবার থেকে আলাদা হয়ে একাকী
কাকে ভুলতে চাও!!     

Tuesday, March 27, 2012

নীল সীমানায়


দরজা খোলা পেয়েই
উড়ে যেতে চায় পাখিটা
নীল সীমানায় মাথার উপরে
যে শূন্যতা, পাখিটা জানে
তার নাম আকাশ

যে বিন্দুকে কেন্দ্র করে
ব্যস মাপতে চেয়েছিলো পাখিটা,
নীল সীমানায় বুকের ভেতরে
যে শূন্যতা, পাখিটা জানে না
তার নাম কি?

কখনো-বা খাঁচাই ভাল
কেন না যা আছে তা দিয়েই
নীল সীমানায়, পাখিটা
নির্মান করে এমন কিছু
যা নেই

Monday, March 26, 2012

ফিরিয়ে দিলাম


আমার না বলা সব কথা
তুমি বলে দিলে
যেন ভাষার মাঝে হারিয়ে গেলাম
আমার চোখে চোখ রেখে
হাত ধরে নিলে
তবুও তোমায় আমি ফিরিয়ে দিলাম..

রাত জাগা চোখ রঙ চটা দেওয়াল
স্বপ্ন দেখতো কত
বুকে হাত রেখে তবু ভেসে বেড়াতাম
সুখ স্পর্শের মত
তোমার সবটুকু উত্তাপ আমি নিলাম
গাড় নীল থেকে ফ্যাকাসে সবুজ
ঝরা পাতা কতশত
তবুও তোমায় আমি ফিরিয়ে দিলাম..

তুমি চাও আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত
নিজের মত করে
দেখনি আমার এ হৃদয়দুয়ার খুলে
নিজের দাবীর জোরে
আজ দ্বন্দ্ব নিয়ে নিজেকে খুঁজে পেলাম
যখনই ধরলে হাত রুদ্ধ নিশ্বাস, সব
ভেসে গেল তোড়ে
তাই তোমায় আমি ফিরিয়ে দিলাম...

Thursday, March 22, 2012

আজকে


'আজকে মানে অনুভুতি সাথে আছে কেউ
আজকে মানে নতুন করে ভালবাসার ঢেউ
আজকে মানে মনের মাঝে লুকিয়ে থাকা আশা
আজকে মানে কারুর দেওয়া একটু ভালবাসা...'

আজকে মানে একটা মন কেমন করা ভালোলাগা কিংবা না লাগা..   

Wednesday, March 14, 2012

ঘুম যখন

বাতাসে ভেসে আসে
তোমার সুখের শীত্কার
বেহায়া চাঁদ উঁকি দেয়
জানলার ফাঁক দিয়ে
মাঝরাতে ঘুম ভাঙ্গা চোখে
মনের দাগ মিশে যায়

বাতাসে আঙ্গুল ডুবিয়ে
জোছনায় মুছে দিতে হয়
কখনও ফিরে যাব না
মনে করার পাসওয়ার্ড 
আবার অন্য দেবার আগেই
ঘুম কড়া নাড়ে দরজায়

Tuesday, March 13, 2012

বিকেল ছুঁয়ে

বুকের ভিতর থেকে ঝরে পড়ে
টুপটাপ বৃষ্টি,
কার্নিশ বেয়ে সারাটা দুপুর
চুরি করে নেয়,
তুমি আর একবার ছুঁয়ে দাও...

দুপুরের পর বিকেল আসে
ফেলে যাওয়া চিঠি পরে থাকে আলগোছে
মুখ ফিরিয়ে অন্য মনে
উড়ে যায় পাখি মাঠ পেরিয়ে আলসেমি ছাদে...