Monday, November 26, 2012

একাকীত্বের সাথে


আটপৌড়ে সংসারে যখন ক্লান্ত তুমি
কোন এক রাতের আকাশে
চেয়ে দেখো অনন্ত নক্ষত্রদের
মিটমিট করে ভেসে থাকা
যে তারাকে মনে হবে সবচেয়ে নিঃসঙ্গ
চলে যেও কোনও এক মুহুর্তের ফাঁকে
দেখবে ভালোবাসার আবডালে
এখনো কেউ লড়াই চালিয়ে যাচ্ছে
একা.. একাকীত্বের সাথে...

এলোমেলো বাতাস জানলার গরাদে তুমি
আঁচল ছুঁয়ে যায় ঠান্ডা মেঝে আর
মৌন প্রহর অব্যক্ত সে আকূতি
আরও গভীরে ডুব দিয়ে
ডুবুরির চোখে খুঁজে দেখ তখন
সাতরঙা প্রবালের পাশে এখনো
পড়ে আছে একটি ঝিনুক
ভিতরে এক মুক্তো ভালোবাসা নিয়ে
একা.. একাকীত্বের সাথে...

পাশ ফিরে ঘুমের মুহুর্তে যখন তুমি
অবহেলিত কিছু বইয়ের গন্ধ পাও
সিলিং ফ্যানের গোড়ায় জমে থাকা
চেনা মাকড়সার জালের ফাঁদ
মনে হয় বড় বেশি সাদামাটা
চোখ বুঁজে স্বপ্ন দেখার ঠিক আগের মুহুর্তে
ফেলে আসা শৈশব আর দাম্পত্যের নিশ্চিন্তে
বাঙ্ময় জনঅরন্যে এখনো কেউ বসে আছে
একা.. একাকীত্বের সাথে...

উদাসী কষ্টের আনাগোনায় আর ব্যস্ততায়
অগোছালো ছুটে চলা সেই একাকী
একা.. সে আমি নই.. একাকীত্ব...

Sunday, November 25, 2012

নিরুদ্দেশ আবদার


দূর থেকে ভেসে আসা আলো
মন বলে আরও দুরে চলো
একা একা আলপথ বিছানো চাদর
আলগোছে নেমে আসা কুয়াশা ভোর
পিঠে ব্যাগ টুপি হাতে পথ হাঁটা
নিরুদ্দেশ ডাকছে আবদার যতটা..

অচেনা পথ দাঁড়ি-কমা আর চেনা সুর
রোদ্দুর মেখে পাখির ঝাঁক কিছুটা দূর
হাতরায় মন কী পেয়েছে তখন
ভাঙা বাঁধ ওড়ে প্রজাপতি সংগোপন
কিছুটা ফেলে আসা সে ভেজা অনুভুতি
ঘাসের শিশিরে পাহাড়ি বাঁক মেঘের ছুটি

যদি কখনো পথ হয় শেষ আপন খেয়ালে
ভাবুক মন নিরুত্তর সে-ক্ষণ সেই আবডালে
ছুঁতে চেয়ে আরও আলো যে রাত ফসকালো
জ্যোৎস্না রাতে ভাসে ছায়া ঘন দীঘল কালো
অনেক দিন পরে যখন মুষলধারে বৃষ্টি নামে
বন্ধু খোঁজে পথের আড়াল পা ভিজে যায় স্নানে

কিছুটা সময় অপেক্ষায় আবার পথ হাঁটা
নিরুদ্দেশ ডাকছে খোঁজে আবদার যতটা..

Wednesday, October 17, 2012

তোমায় দেখে


তোমায় দেখে প্রথম হাসা
প্রানের মাঝে একটু আশা
আমার সর্বনাশ—

তোমায় দেখে প্রথম চাওয়া
মিষ্টি স্বপন সুবাস পাওয়া
আমার উল্লাস—

তোমায় দেখে নিরব হওয়া
নতুন গানের নৌকা বাওয়া
হৃদয়ে জলোচ্ছাস—

তোমায় দেখে সামনে চলা
না বলা কথা মনেই বলা
নিজের উচ্ছ্বাস—

তোমায় দেখে স্বপ্ন মুখর
রাত্রিগুলো হলো সব ভোর
আগামীর আশ্বাস—

তোমায় দেখে এলাম ফিরে
অন্যের হাত তোমায় ঘিরে
আমার বিশ্বাস—

তোমায় দেখে জাগিয়ে দিলো
মিথ্যা স্বপ্ন পুড়িয়ে দিলো
আমার নিঃস্বাস—

তোমায় দেখে পথের বাঁকে
আকাশ পানে তাকিয়ে হাঁকে
আমার দীর্ঘশ্বাস...

Wednesday, September 19, 2012

ফেরার মুহুর্তে


কালো মেঘের আড়ালে চমকে ওঠে তোমার চোখ
ফাঁকা মাঠের দিগন্তে পৌঁছানো হয় না
ভেজা শরীর কাদায় মাখামাখি ফেরার মুহূর্ত
যা এখনো লেগে আছে, আমার কানে কানে বলে
ওই চোখের আড়াল থেকে নেমে আসা বৃষ্টি পেরিয়ে
কেউ না জানুক এখনো একটু সবুজ রয়ে গেছে

ছুঁয়ে দিক ভালোলাগার নাম না জানা মুহুর্তগুলোকে...

Wednesday, September 12, 2012

ভিজে গুঁড়ো রং


ভিজে গিয়ে সিঁদুরের রং বোধহয়
আরো গাঢ় হয়েছে তোমার
ড্রেসিং টেবিলের আয়নায় আজও
লেগে থাকা সে গুঁড়ো রং-তুলি
ধোঁয়ায় আছন্ন ঠাকুর ঘরের দরজার
সামনে ভেসে আসা প্রদীপ শিখা

তোমায় ছুঁতে গিয়েও ফিরে আসি
সাদা কাগজ আর কলমের ভাবনায়

বৃষ্টির ওপাশে তোমায় কেমন যেন আবছা লাগে...

Saturday, September 8, 2012

ঝাপটায়


বৃষ্টি পেরিয়ে তোমায় দেখতে পায় না আমার চোখ
বারান্দার যে আড়াল কোনে তুমি দাঁড়িয়ে থাকো
হাওয়ার ঝাপটা তোমাকে ছুঁয়ে যায় অবিরত
হাত বাড়িয়ে তুমি ধরতে চাও মুহূর্তটাকে

কপাল বেয়ে গড়িয়ে নামা লালচে অনুভুতি
দড়িতে মেলে রাখা ভেজা কাপড়ের মৃদু নড়াচড়া
জানিয়ে দিয়ে যায় তুমি নিরব ভাবনায় হাসছ
বাঁক ভুল করে ছাতা সরিয়ে দেখতে যাই অপলকে

নেমে আসা বৃষ্টি ভিজিয়ে দেয় আমায়, আমার চোখ!

Thursday, September 6, 2012

তবু ভেসে যায়


উল্টোদিকে জানলার কাঁচে
লেগে থাকা বৃষ্টি গুঁড়ো
এপাশে তর্জনী ছুঁয়ে এঁকে চলি
অচেনা নাম, রামধনু ঝুরো
বারান্দায় মানিপ্লান্টের চারা
মাথা নাড়ে, হ্যাঁ বা না
মেঘলা আকাশ ঘুড়ি ওড়ায়
জলে ভেজা রাস্তা আর ভাবনা
চোখের পাতায় ঝাপসা আঁকা
উইন্ড-চাইমের মিঠে বোল
আমার জানার সীমানা পেরিয়ে
উড়িয়ে নিয়ে বেড়ায় সে আঁচল..

সত্যি ভুলে গেছি সেই মুহূর্ত
আজ পা বাঁচিয়ে গাংচিল হওয়া
তবু ভেসে যায় কাগজের নৌকো...