Wednesday, October 17, 2012

তোমায় দেখে


তোমায় দেখে প্রথম হাসা
প্রানের মাঝে একটু আশা
আমার সর্বনাশ—

তোমায় দেখে প্রথম চাওয়া
মিষ্টি স্বপন সুবাস পাওয়া
আমার উল্লাস—

তোমায় দেখে নিরব হওয়া
নতুন গানের নৌকা বাওয়া
হৃদয়ে জলোচ্ছাস—

তোমায় দেখে সামনে চলা
না বলা কথা মনেই বলা
নিজের উচ্ছ্বাস—

তোমায় দেখে স্বপ্ন মুখর
রাত্রিগুলো হলো সব ভোর
আগামীর আশ্বাস—

তোমায় দেখে এলাম ফিরে
অন্যের হাত তোমায় ঘিরে
আমার বিশ্বাস—

তোমায় দেখে জাগিয়ে দিলো
মিথ্যা স্বপ্ন পুড়িয়ে দিলো
আমার নিঃস্বাস—

তোমায় দেখে পথের বাঁকে
আকাশ পানে তাকিয়ে হাঁকে
আমার দীর্ঘশ্বাস...