Saturday, July 25, 2015

নিঃস্ব আকাশে


অপেক্ষার দিন ছুটে যায়.. 
রিক্ত হেমন্তের একলা মাঠে
ঘর বাঁধার স্বপ্নে
অনেক ডুবজল সাঁতরে
খুঁজে পেলাম একদিন তোমাকে|


বুঝিনি উত্তাল নদী পার ভেঙে
যখন ভিজিয়ে দেয় তোমাকে,
পুরোনো নোনা ধরা দেওয়াল
উইধরা ছবির ফ্রেমের মতো
কলঙ্ক দাগকেই আঁকড়ে ধর তুমি;
অথচ মেঘ সরানো সংসারে
প্রতি নিয়তই ফুল ফোঁটে;
চা-পাতা ফুরিয়ে গেলে
অন্য কোন গাছের নতুন পাতায়
গরম জল খুঁজে পায় রঙ—
যখনই গাইতে চেয়েছি বসন্তের গান
অভিমানী তুমি, লুকোনো কান্নায়
আঁকড়ে ধর শুধু নিজেকে|


কোনদিন ভালবাসতে পেরেছ কি নিজের করে?
পুরোনো ভাঙা-চোরা শিশি-বোতল
সরিয়ে রেখে নতুন সুরে
হাত ধরে আগামীর পথ চলতে!
ভরিয়ে দাও আমায়,
তোমার হাত ধরেও
বাইরে দাঁড়িয়ে কেন মনে হবে
নিঃস্ব আকাশে পথ হারায় বারবার|