Friday, February 22, 2013

নিজের মুখ দেখো



সহসা পুড়ছে পাশাপাশি দীর্ঘশ্বাস
হাত বাড়িয়ে সবুজ ধরতে চাওয়া?
সবাই রাস্তা চেনে না,
স্বপ্নের ভিতর কার চলাফেরা—
এক আঁজলা জলে,
নিজের মুখ দেখো...

অবিশ্বাস্য জ্বলে-ওঠা ছদ্ম নিঃস্বতা
ঘুণ ধরা কাঠের ফ্রেমেতে বন্দী?
কেউ লেখেনাকো চিঠি,
আলজিভে আটকে থাকে যে নাম—
মেঘদূতের বদলে মোবাইল,
নিজের মুখ দেখো...

মুহুর্মুহু সঙ্কটে অস্তিত্বের জিগির
যাবতীয় জ্যামিতিক নিয়ম কানুন?
মিলতে চায় না অঙ্ক,
আঙুলে আঙুলে সুখ দুঃখের যোগ বিয়োগ—
অভ্যস্ত অন্ধকার সংসারে,
নিজের মুখ দেখো...

সেই সব কষ্ট



সোনাঝুরি গাছের ফাঁক দিয়ে
সবাই যখন পেতে চায় আকাশ
মেখে নিতে চায় সূর্যের আলো;
আমি খুঁজতে থাকি সেই সব কষ্ট,
কষ্টগুলো হয়তো বুঝতে শেখায়|

যে আপসে ভিড় করে মুখের সারি
খুঁজে নিয়ে অন্য কোন স্বপ্নের মানে
রাত প্রহরে নেমে আসা নীল কুয়াশা;
আমি পেতে চাই সেই সব কষ্ট,
কষ্টগুলো হয়তো বুঝতে শেখায়|

যে পাখির ডানার হাওয়ায় ঘুমিয়েছিল
সমস্ত রিপু, আর গায়ে একটা গোটা রাত
মেখে আকাশে দেখি মেঘের ডুরে শাড়ি;
আমি তখনো ছুঁয়ে দেখি সেই সব কষ্ট,
কষ্টগুলো হয়তো বুঝতে শেখায়|