Friday, July 29, 2011

আমার মৃত্যু হোক

 তোর জন্য আজন্ম বৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকি
সশরীরে নতজানু হই তোরই দরজায়
তবুও ভোরের স্নিগ্ধতা মেখে
যদি অবুঝের হাসি দেখে কেঁপে না যায় ঠোঁট
হয়তো তোকে ভালইবাসি না..

তোর জন্য গোপন নীল যন্ত্রণার অপরাজিতা ফুল
উত্তাপ থেকে জন্ম নেয় তোরই জানলায়
তবুও চিলেকোঠায় অসহ্য আগুন
যদি জেগে না ওঠে রাতের গভীর আলো আর কালো
হয়তো তোকে ভালইবাসি না..

তোর জন্য শরীর জুড়ে আর্ত পিপাসার্ত প্রজাপতি
উড়ে যায় আশ্চর্য করে তোরই কিনারায়
তবুও রোমকূপে ঢাকা আস্ত নদী
যদি জ্বলে না উঠি তোর বুকের আগুন আর সৃষ্টির ছোঁয়ায়
হয়তো তোকে ভালইবাসি না..

যদি কবিতা থেকে বৃষ্টিই না ঝরে সবুজ অভিমানে
হয়তো তোকে ভালইবাসি না...

No comments:

Post a Comment