রাত পার হলেই
আবার হেঁটে চলা
আরেকটি দিনের জন্যও|
শরীরে ঘামের ভাষায়
নেমে আসে যা কিছু
আলাদা হয়েই রয়ে গেছে|
তুমি আমি সকলেই
অনেক ভিড়ের মধ্যেও
একা হেঁটে চলি মিছিলে|
হাতের মুঠোয় থাকে
শুন্যতা, ভয় গ্রাস করে
যদি সেটাও হারিয়ে ফেলি|
খোলনলচে বদলে ফেলে
পুজোয় কেনা নতুন জামায়
ভেসে বেড়ায় সস্তা সুগন্ধি|
পথের আন্দাজ পাওয়ার জন্য
কিছুটা পথ পেরোতেই হয় আর
শেষমেষ হিসেব মেলেনা
হাঁটা পথেরও|