Monday, January 23, 2012

সন্ধিপুজা


আমরা প্রার্থনা সাজাই সুখে থাকার
আর আলতো আঙুলে রোজ নাভি সেঁকে নিই,
মখমলের বেডকভারের তলায় সেই একই
স্যাঁতস্যাতে বিছানা, আর অর্ধেক ভোরে
হঠাৎ ঘুম ভেঙে যাওয়া সেই একই আমি
একবার শুধু দেখতে চাই
কোথায় লুকোনো রয়েছে গোধুলি-রঙিন
অস্তরাগে জেগে থাকা ভালবাসার গোপন ঘরবাড়ি,
দেখতে চাই
সুপুরি বনের ঝিঁ ঝিঁ ডাকা নিবিড় অন্ধকার থেকে
কে দেখায় আয়ত চোখে জ্বলে ওঠা জোছনার লন্ঠন,
আমি হতে চাই
দুঃখ শোকে তাপে মুছে না যাওয়া ভালবাসার
পর্ণকুটিরে চাঁপা ফুল হাতে এক অচিন পোস্টম্যান..

তোমার বোঝা, না বোঝার সন্ধিপুজায়
যতটুকু দিতে পারি, যতটুকু পেলে তুমি খুশি হতে
বরং তার বেশিটুকুই দিয়েছি-
উপুড় হস্ত করে...

Saturday, January 21, 2012

প্রত্যাখ্যান

আমার হৃদয়ে এখন
তোমার প্রত্যাখ্যান আর—
    অহংকার মিলেমিশে একাকার;
আমার শরীরে শুধুই
তোমার খোঁড়া কবর আর—
    ভালবাসার মিলিত সংসার..

তোমার প্রত্যাখ্যান আর অহংকার
যখন হৃদয়ে মিলে মিশে একাকার
    সব আছে— তবুও কি যেন নেই!
ভালবাসা আর খোঁড়া কবর
শরীরে যখন আঁকে মিলিত সংসার
    স্বপ্ন স্রোত— বুঝি আমার মনেতেই..

Friday, January 13, 2012

আমি আছি শুধু


তুমি নেই, নেই কেউ এই রাতে
ছিল যারা মুখরিত নেই কেউ সাথে
তবুও বৃষ্টি ভেজা বিষন্ন এ বিকেলে
বিকেল পেরিয়ে রাত্রিকে ছুঁয়ে বলে
আমি আছি
শুধু আমি আছি
দরকার নেই আর কারো
চাই কি আমাকেও ভুলে যেতে পারো

চাইনা চোখে চোখ আর রাখতে
চাইনা হাতে হাত আর ধরতে
এক ছুটে পৌঁছে চোখের কিনারায়
সীমাহীন স্তব্ধতা ঠোঁট ছুঁয়ে যায়
আমি আছি
শুধু আমি আছি
দরকার নেই আর কারো
চাই কি আমাকেও ভুলে যেতে পারো

বুকের পাঁজরে রাখা চাপা নিঃস্বাস
তুমি, তোমাদের গানে পেয়েছিলো আশ
নিঃশর্ত চাউনি ভেঙে একা একা চলা
মনে আছে সবই যেকথা আজো হয়নি বলা
আমি আছি
শুধু আমি আছি
দরকার নেই আর কারো
চাই কি আমাকেও ভুলে যেতে পারো

Saturday, January 7, 2012

এক পেয়ালা ভালবাসা



সকলের জন্যেই এক
পেয়ালা করে ভালবাসা তৈরী করো—
লিকারটা একটু কম হলেও চলবে,
মিষ্টিটা যেন একটু বেশি হয়!
দুধ দিতেও পারো, আবার না দিতেও পারো;
দিলে পুষ্টিটা শুধু বাড়বে, স্বাদও যাবে বদলে..
সকলের জন্যেই—
যারা যারা তোমার অতিথি হয়ে আসবে
যারা যারা তোমার থেকে দূরে সরে যাবে
যারা যারা তোমার কাছে আসতে চাইবে
ফিরিওনা কাউকেই,
তোমার ক্ষমতা না থাকলেও কাউকে ফিরিও না..
এক পেয়ালা করে—
তোমার সব বন্ধক রেখে, দেনা করে
‘পাতার পোশাক’ পরে
হাত-পা ভেঙে গেলেও মনের জোরে
দুঃখ না পেয়ে হৃদয় ভরে
কাছে ডেকো সবাইকে,
মুখ থুবড়ে পরলেও লাঠি ধরে আবার উঠো..
ভালবাসা তৈরী কোরো—
দেখো তাতে ভেজাল যেন না মেশে
হাত যেন না কাঁপে
চোখের মণি দুটো স্থির থাকে
অনেক গ্লানি তবু যেন জল না মেশে
ভুল বুঝো না—
আমার জন্যেও এক পেয়ালা ভালবাসা তৈরী করো...

Thursday, January 5, 2012

সুমনা


এখনো সেই ঝড় সামনে আসে—
ও সুমনা
হয় কেন মন আনমনা?
ও সুমনা
তুমি কি জাননা?
তুমি কি বোঝনা?
ও সুমনা
দেখেও কি দেখো না?

সেদিন একটুও কাঁদিনি আমি
ও সুমনা
তুমি কি আর ভাবনা?
ও সুমনা
এমন তো কথা ছিল না,
তুমি তো মোর কল্পনা,
ও সুমনা
তুমি কি নও মোর সান্তনা?

তবু আজ চোখ উঠছে ভরে জলে
ও সুমনা
রাত কেন ফুরায় না?
ও সুমনা
তোমারই হৃদয়ে এখনো
কে জানে আমি কিনা,
ও সুমনা
অভিমান ভুলে, কাছে এসো না...

Sunday, January 1, 2012

নতুন বছরে

নতুন বছরে সামনে তাকাই
কার হাত ধরে ছুটে যাবো
নিভৃত জ্যোস্নায় সুবর্ণ রেখার জল ছুঁতে!
পলাশ বড় অদ্ভুত কথা বলে,
‘আমার সাথে চ', জীবন খুঁজতে’
ভয় একটু একটু করে বাসা বাঁধে মনেতে;
এখনও শরীরে অন্যমনস্ক উদ্দামতা
(বাঁচার) আনন্দের আতিশয্যে রোমাঞ্চ পেতে!

তবু কার হাত ধরবো আমি,
দাঁড়াতে চাই অহংকারের খোলস ছিঁড়ে
(সবুজ) স্বপ্নে শুন্যতার পাশে তারুণ্যের শক্তিতে;
যেদিকে তাকাই সবাই নিজেতে ব্যস্ত, তবু
আমি প্রস্তুত, তুমিও আছ কি সাথে প্রেমকে ছুঁতে!