বলতে চেয়েছি অনেক কথাই
ঘন কুয়াশায় দেখতে পাইনি তোমাকে
কুয়াশা কেটে যেতে
পাতা ঝরার দিন, রুক্ষতা
কমলালেবু রঙের রোদ্দুর গায়ে মেখে
সেদিনের না বলা কথাগুলো
আজও জমা হয়ে রয়েছে
পায়ে পায়ে শিশির মেখে ধুসর বৈরাগ্যে
পাখিদের কলতানে চুপকথা
উড়ে যায় মেঘেদের পানসি হয়ে
ক্লান্ত দীর্ঘ সন্ধ্যা নামে ধীরে ধীরে
রাত পরীরা ফিরে আসে নিয়ন আলোয়
কাঠ-কুটো জ্বেলে আগুনের উত্তাপ মাখতে গিয়ে
যে কথা বলা হয়নি এখনোও
ক্রিম না মাখা ফাটা ঠোট যন্ত্রণা উগরে দেয়
একটা পাখি দলছুট হয়ে পড়েছিল
কুয়াশায় পথ খুঁজে না পেয়ে
আশ্রয় চেয়েছিল পাশের শিমুল গাছটায়
না বলা চুপকথাগুলো অপেক্ষা করে
আবার একটা একই রকম নরম রোদ্দুরের
No comments:
Post a Comment