আর কখনো ঘড়িতে মাপতে হবে না
একসঙ্গে থাকা সময়...
প্রতিদিন নিজেকে ভেঙে ভেঙে এই যে মন,
এই যে অচেনা রোদ, অচেনা হাওয়ার মেঘ,
সুর্য অস্ত যাবার আগে আমার জন্য রেখে যায় অন্ধকার,
তোমার জন্য কালকে ভোরের আলো..
অহরহ একলা আমি উপভোগ করি তোমায়,
বৃষ্টির দু’মিনিট আগে, বৃষ্টির দু’মিনিট পরে,
কেমন যেন অচেনা হয়ে ওঠে মুঠো মুঠো টুকরো স্বপ্ন,
পলাতক চাঁদ অন্য কোনো জানলায় টুকি দেয়...
মনে আছে, একদিন তোমাকে বলেছিলাম
মেঘেরা বড় বেরসিক, আড়াল করে দেয় রোদ
নিজেরা ভালোবাসতে জানে না বলেই কোনো এক উদাসী ঢেউয়ে
মন কেমনের রোদটি মেখে সারা গায়ে,
ইংরাজী অক্ষর টিপে-টিপে শব্দ বসাই
কাউকে পাঠাই না, এমনিই ‘সেন্ট’ করে দিই;
ঘাস ভেবে তোমাকে বিছিয়ে দিলাম, হাওয়া মনে করে সমস্ত নিশ্বাস
বেপরোয়া ঢেউয়ে সব দুরূহ জানলা খুলে যায়...
আর কখনো ঘড়িতে মাপতে হবে না
একসঙ্গে থাকা সময়, কথা না রাখার মুহূর্ত;
দরজা এখন বন্ধ, শহরের রাস্তায় ল্যাম্পপোস্টের নিয়ন আলো
আমার ফেলে আসা ভালবাসা..
এলব্যামে অসংখ্য ছবি, কত মুহুর্তের, ভঙ্গিমার
এক-একবার সময় পালটে যায় আর
কখনো-বা মাঝরাতে শূন্যতায় একবার মোবাইল জেগে বলে ওঠে
ভালো থেকো সব, ভালো থেকো সবাই...
