Friday, July 29, 2011

আমার মৃত্যু হোক

 তোর জন্য আজন্ম বৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকি
সশরীরে নতজানু হই তোরই দরজায়
তবুও ভোরের স্নিগ্ধতা মেখে
যদি অবুঝের হাসি দেখে কেঁপে না যায় ঠোঁট
হয়তো তোকে ভালইবাসি না..

তোর জন্য গোপন নীল যন্ত্রণার অপরাজিতা ফুল
উত্তাপ থেকে জন্ম নেয় তোরই জানলায়
তবুও চিলেকোঠায় অসহ্য আগুন
যদি জেগে না ওঠে রাতের গভীর আলো আর কালো
হয়তো তোকে ভালইবাসি না..

তোর জন্য শরীর জুড়ে আর্ত পিপাসার্ত প্রজাপতি
উড়ে যায় আশ্চর্য করে তোরই কিনারায়
তবুও রোমকূপে ঢাকা আস্ত নদী
যদি জ্বলে না উঠি তোর বুকের আগুন আর সৃষ্টির ছোঁয়ায়
হয়তো তোকে ভালইবাসি না..

যদি কবিতা থেকে বৃষ্টিই না ঝরে সবুজ অভিমানে
হয়তো তোকে ভালইবাসি না...

Wednesday, July 27, 2011

আচ্ছন্নতায়


বলতে চেয়েছি অনেক কথাই
ঘন কুয়াশায় দেখতে পাইনি তোমাকে
কুয়াশা কেটে যেতে
পাতা ঝরার দিন, রুক্ষতা
কমলালেবু রঙের রোদ্দুর গায়ে মেখে

সেদিনের না বলা কথাগুলো
আজও জমা হয়ে রয়েছে
পায়ে পায়ে শিশির মেখে ধুসর বৈরাগ্যে
পাখিদের কলতানে চুপকথা
উড়ে যায় মেঘেদের পানসি হয়ে

ক্লান্ত দীর্ঘ সন্ধ্যা নামে ধীরে ধীরে
রাত পরীরা ফিরে আসে নিয়ন আলোয়
কাঠ-কুটো জ্বেলে আগুনের উত্তাপ মাখতে গিয়ে
যে কথা বলা হয়নি এখনোও
ক্রিম না মাখা ফাটা ঠোট যন্ত্রণা উগরে দেয়

একটা পাখি দলছুট হয়ে পড়েছিল
কুয়াশায় পথ খুঁজে না পেয়ে
আশ্রয় চেয়েছিল পাশের শিমুল গাছটায়
না বলা চুপকথাগুলো অপেক্ষা করে
আবার একটা একই রকম নরম রোদ্দুরের

Tuesday, July 26, 2011

প্রশ্ন-উত্তর


বন্ধু তুমি এমনি করেই নিজের মতো থেকো
হারিয়ে যাবো ঠিকই আমি বিশ্বাসটা রেখো,
থাকবে তুমি চিরকাল আমার মনে বসে
ভুলে তুমি গেলেও ভাববো আমি নিরবেই হেসে

প্রশ্ন ছিল,
তুমি কি আমাকে বন্ধু ভাবো ?

বন্ধু হয়েই তো আছি আমি তোমার সময় ধরে
তবু বলতে হয় কথা তোমারি দেওয়া নানানরকম শর্ত জুড়ে,
বলেই তো ছিলে তোমায় নাকি যেতেই হত দূরে সরে
আমার অযোগ্যতা আর wrong optionর দাড়িপাল্লায় আপস করে!

উত্তর হলো,
তুমি কি আমাকে বন্ধু ভাবো ?
...

Saturday, July 23, 2011

যেমন চলছিল


না বলাই বোধ হয় ভালো ছিল
হয়ত জীবনটা অন্য রকম হত,
যেমন চলছিল...

যখন মুখোমুখি হই
পরিচিত হাসিও কেমন যেন,
অপিরিচিত হয়ে যায়…

বলা কথাও তখন যেন
থেকে যায় না বলাই,
যেমন চলছিল…

আমার একাকিত্বের দুঃখ নিয়ে
আমার লেখাটা অন্য কোথাও
সাথী খুঁজে  ফিরে যায়…


বলতে পেরেছি বলেই না
বুঝতে পেরেছি, অন্যরকম
ব্যথা-সুখ, যেমন চলছিল...

Thursday, July 21, 2011

বৃষ্টি ভেজা দিনে


একটা জলে ভেজা দিন
ফিকে হয়ে যাওয়া ডায়রীর পাতা
কিংবা একটা এমন সত্যি
পুরনো কথা বলে ওড়াতে চাইলেও
ছেঁড়া কাগজ যেমন হাওয়া লেগে
উল্টো দিকে আবার ঘরে ঢুকে আসে

এমন একটা ভেজা দিন
শুধু চশমাটা ভিজিয়ে দিয়ে যায় না
দিয়ে যায় এমন একটা স্মৃতি
যেটা চাইলেও ফিকে হয় না
রেখে দিই মনের অনেক গভীরে
গোপনে একটা ছোট্ট ঘরে
যেখানে কেউ জানতে পারবে না
ভেঙ্গে যাওয়া খেলনা--
হয়ত সেই ছোট্ট ঘরে
অনেক ধুলো পড়েছে, কিন্তু
তাও সেই ধুলোর তলায়
আছে আমার সেই গীটার,
যার তারে টান পড়লে
আজও শোনা যায় বৃষ্টির শব্দ

সেই বৃষ্টি ভেজা দিনে
একটা তীব্র অবুঝ অপমান
আর অভিমান, যা কিছু বোঝে না
ওই ভাঙা খেলনা, আবর্জনা
তাকেই নিজের বলে কাছে ডাকতে চায়
তবু শুধু এটুকু মনে পড়ে না
তুমি কি একবারও পিছু ফিরেছিলে!
বৃষ্টির ঝাপসা জানলায় দেখতে পাইনি...
তোমার চোখেও কি ছিল জল!
বুঝতে পারিনি ঝাপসা হওয়া চশমায়...
কোনো দুঃখের রেখা কি ফুটে উঠেছিল!
কেঁপেছিল কি তোমার গলা একটুও
যখন বলেছিলে ফিরবে না আর কোনো দিনও...