Friday, March 22, 2013

মনে আছে



মনে আছে
সেই টর্চের আলো  মোমবাতি
গুঁড়ো গুঁড়ো কেক  আজো খুঁজি
বদ্ধ মনের গোপন ঘরে  চাবি
আজও আবীর ঝরে  সে ছবি
টুপ করে খসে পড়া অচেনা  তারা
ঝুপ করে নেমে আসা সন্ধ্যা  পাড়া
রাস্তা পেরিয়ে সে ঠেক  ইশারায় ডাকে
নিরবতা সঙ্গোপন রাতে  আলো মাখে

মনে আছে
সেই মন কেমন করা  সকাল
বরফ ছুঁয়ে ফিরে আসা  বিকাল
মনে আছে
অনেক না মনে থাকা  ধুসর সময়
আরও দুরে ছড়ানো  রবির আলোয়..

এখনো আগুন কেন




এখনো ভিজে আমার সে ঠোঁট
চোখের তারায় শুধু তোমারই খোঁজ
ছুঁয়ে গেছে শীত ওম শরীর জুড়ে
সব ভালোলাগা বোধ গেছে পুড়ে
অচেনা শূন্যতায় সময় বয়ে যায়
কথার খেয়ায় যে কথা বলা যায়
নীল সাদা সবুজ মিশে থাকে রাত ঘুমে
গোলাপী ফ্যাকাসে নিদারুন অভিমানে

যে মুহুর্তে নিজেকে আঁকি ক্যানভাসে
সব রং মিশে যায় খোলা আকাশে
নেমে আসা প্রান্তর পাখিদের ঝাঁকে
মিলিয়ে যায় সে অন্য কোন বাঁকে

তবে এখনো আগুন কেন আনাচে কানাচে!

Sunday, March 10, 2013

চিঠি


আমাকে এসে ডেকে গেল..
হাত পেরে বুক ভরে
নিশ্বাস নিলাম আমি,
বুকের কাছে জমা সব ক্ষোভ
প্রখর রৌদ্রের তেজের সাথে
এক নিমেষে বাষ্পীভূত হয়ে গেল,
ছেঁড়া ছেঁড়া কথাগুলো
আরো অনেক কথার ভিড়ে
রৌদ্র আর ঘাম মাখা
এক চিলতে আকাশ হয়ে গেল,
বিছানায় উবু হয়ে শুয়ে
আবেগকে সঙ্গোপনে মিইযে
ভেজা ভেজা চোখ
ঘুঘুর অবিরাম চিত্কার কানে নিয়ে
গলার্ধকরণ করেই ফেললাম—
তোমার চিঠি...

সেই সব সময়

সময়ের সাথে
যে সময়কে ভুল করে
ছুঁয়ে গিয়েছিলো তোমার হাত
সে সময় বেয়ে বয়ে চলা হাওয়া
আলতো ছোঁয়ায় বুলিয়ে যায়
আমার বেসুরো নির্জন দুপুরগুলো
অবেলায় আড় চোখে
যখন নেমে আসে দীঘল সন্ধ্যা
থমকে দাঁড়ায় বয়ে চলা সে
অন্তহীন নদীর বুক চিরে
ঘুম ভাঙে রাত জাগা
অসংকোচে ধরে রাখা
সেই সব স্বপ্নের
মিথ্যে অজুহাতে নিজেকেই
অহরহ দোষারোপ

ভোরের শিশিরে
মন কেমনের রূপকথা
আবছা কুয়াশায়
পথ হারানোর চুপকথা

উপসংহারে ফিরে আসে আবার সেই সময়...

জড়িয়ে থাকা



যে পথের আড়ালে
থমকে থাকে অভিমানী মেঘ
পাশ ফিরতেই লুকোচুরি খেলা রোদ
আর নাম না জানা ফুলের সৌরভ ভেসে আসে
অনেক দূর থেকে অথবা কাছ থেকে, উড়ে যায়
পিছু ডাকে সে সব হেঁটে চলা অজানা আল বেয়ে

ছুটতে ছুটতে ক্লান্তি
নেমে আসে কানের পাশে
শরীরে আনাচে কানাচে জমে থাকা
আর গুঁড়ো গুঁড়ো আবছায়া মিশে যায় উঠোন জুড়ে
রাত জাগা চোখ অথবা বোবা চোখ, মেলে দেয়
রাস্তার ওপারে বিষন্ন দুপুর হোচট খায় চোখেতে

আনাচে কানাচে প্রেম
ঝরে পরে স্বপ্ননীল রেনু
ঢেউয়ের তাড়নায় আলুথালু বেশ
আর পা মেপে চলে যায় চৌকাঠ ডিঙিয়ে একা
নিশ্চিন্ত জীবন-যাপনের জড়িয়ে থাকা উত্তাপ নিয়ে
শুকনো ঘাসের পিছন থেকে উঁকি দেয় ক্রমশ সবুজ