Thursday, April 25, 2013

মন কেমন




চাঁদের আলো সোনালী কনায়
ছিটকে পড়ছে সমুদ্র জুড়ে,
সাথে কেউ থাকলে হাতে হাত ধরে
বোধহয় অনন্ত সময় বসে থাকা যায়|
সে আমার কাঁধে মাথা রাখবে বা আমি তার;
মাঝে মাঝে এলোমেলো হাওয়ায়
উড়বে তার কপালের চুল
চাঁদের আলো ছুঁয়ে যাবে আমাদেরও|
নরম বালিতে পায়ের চাপে
সরে সরে যাবে মুঠো বালি
সংসারের আটপৌড়ে ভাবনা তো
বাকি সময়ের জন্যে রইলই,
সব সময় তো আর এইরকম
মুহুর্তগুলো তৈরী হয় না..

মন খারাপ বা খারাপ লাগার মধ্যে থেকেই
আমি আমার কবিতা খুঁজতে চাই
কবিতা মানে ছুটি; স্বপ্নের, ভালোলাগার,
অচেনা কোনো মুহূর্ত, আর কষ্ট!

সমুদ্রের আওআজে মন কেমন যেন
মাতাল হয়ে যাচ্ছে,
সব অনুভুতি বলা যায় না বোঝানো যায়!!

Friday, April 19, 2013

দূরে আরো...




যখন সময়ের বাঁকে আজো মনে পড়ে
তুমি মেঘ হয়ে যাও ভেসে দূরে আরো দূরে
যখন কোনো আনমনে ভাবি একা অবসরে
তুমি কুয়াশায় যাও মিশে দূরে নদী পাড়ে

একে একে নিভে যায় আলো রাত্রী নিঝুম
উঠোন পেরিয়ে চৌকাঠে এসে কড়া নাড়ে ঘুম
যখন হয়ত মনের ভুলে নির্জন কোনো ঘরে
তুমি ভোরাই সুরে যাও মিশে ভোরে আরো দূরে

আজও মেলেনি যে উত্তর প্রশ্ন ছিল না কিছু
ফেলে আসা মুহূর্তগুলো ভাবনা আলগোছে
যখন কোনো পথের বাঁকে মনে হয় দেখছি কারে
তুমি হাওয়া হয়ে যাও মিশে সরে আরো দূরে

যখন মনের খেয়ালে কোথাও যায় পাখি উড়ে
তুমি হৃদয়ের চোরা কুঠুরিতে থাক দূরে আরো দূরে

Tuesday, April 16, 2013

বালিয়ারি ঢেউ

নোনা জলে পা ডুবিয়ে
হাঁটতে থাকি ঢেউয়ের কিনারা ধরে
ভেজা পায়ে বালির আঁচড়
চোখে মুখে হাওয়ার ঝাপটা
আর দূরে সরে এলে
পা জড়িয়ে ধরে বালি
এখনো এত অভিমান কেন তোমার!

সেই ছোট্ট ছেলেটি
আজ অনেকটাই বড়
যার মা-কে কেড়ে নিয়েছিল সুনামী
তবু মা-কে তার মনে পড়ে এখনো
আর শিখে নেয় ঢেউ পেরিয়ে
উজান বেয়ে নৌকায় মাছ ধরা
এখনো এত অভিমান কেন তোমার!

হাতে হাত ধরে হাঁটতে হাঁটতে
ছেলে মেয়ে দুটো মিশে যায় আরও দূরে
বিকেল পেরিয়ে সাঁঝ বেলায়
যারা ফিরে আসে মাছে ভরা জাল নিয়ে
শরীরের সাথে সাথে
ওদের চোখও থাকে ভিজে
এখনো এত অভিমান কেন তোমার!

তবু ফিরে আসতেই হয়
জামা কাপড়ের আবডালে
জড়িয়ে থাকা নোনা বালি আর
ঢেউয়ের বিশ্রামহীন অনিশ্চয়তা পেরিয়ে
নীড়ে ফেরা পাখিগুলোও জানে না
আগামী ভোরাইয়ের ঢেউয়ের আনাগোনা
এখনো এত অভিমান কেন তোমার!

হাঁটতে হাঁটতে পৌঁছে যাই নিজের কাছে
উত্তর মেলে না বলেই
আবার শুরু হয় পথ চলা
পাঁজরের চোরা কুঠুরিতে
ভেসে বেড়ায় যে সব নোনতা স্বাদ
বালিয়ারি ঢেউয়ে মন কেমনের ক্ষণে
এখনো এত অভিমান কেন তোমার!

Sunday, April 14, 2013

ভাঙ্গন ঢেউ


ভাঙ্গছে দেখো মুহুর্তগুলো
ভাঙ্গছে দেখো ঢেউ
ভাঙ্গতে ভাঙ্গতে মিশে যায়
দূরে কোনখানে কেউ..
ভাঙ্গন খেলায় ভাঙ্গে যখন
অবুঝ মনের দ্বার
ভেঙ্গেচুরে মিশে যায়
ঢেউ-এর সাথে পাড়..
ভাঙ্গলে পরে বালির ঘর
যায় না কিছু এসে
ভাঙ্গতে গিয়ে পায়ের চাপে
নিজেই ভাঙ্গি শেষে...