Monday, April 30, 2012

থুতনির নীচে


কানের পাশ দিয়ে নেমে আসা ঘাম
আর চোখের পাতায় লিখে রাখা নাম
শেষমেষ থুতনির নীচে আঁচড় কাটে..

ছাতা হাতে মাথা বাঁচিয়ে পথ চলা
আর যে নাম মুখ ফুটে কখনো না-বলা
শেষমেষ থুতনির নীচে ইশারায় জাগে..

ঘুম না আসা চোখে যে নামের কবিতা লেখা
নিজেকে ফাঁকি দিয়ে অন্যকে ফাঁকি দিতে শেখা
শেষমেষ থুতনির নীচে ভাঁজে ভাঁজ পড়ে..

সোজা চোখে থুতনির নীচে যে দেখা যায় না...

Saturday, April 28, 2012

বৃষ্টি পাঁজরে


আরেকবার হাত বাড়াতে ইচ্ছে করে
জানলার বাইরে, বৃষ্টির ফোঁটায়
মুঠো ভিজিয়েই ফিরে আসা
কলাপাতায় আটকে থাকা জল
ঝরে পড়ে আবরণ শেষে..

মেঘলা আকাশ নেমে আসে
আমার বুকের পাঁজরে পাঁজরে
ইচ্ছে করে দু’হাত দিয়ে সরিয়ে দিই
মন কেমনের জমে থাকা মেঘ...

বৃষ্টি থেমে যায় আচমকাই, মেঘহীন!

Friday, April 27, 2012

নিজের ছায়া


বিকেল শেষে সূর্যের শেষ অস্তরাগ গোধুলি মেখে
পুকুর পাড়ে বা মাঠ পেরিয়ে আমার আবছা ছায়া
যখন ছুঁয়ে থাকে মন কেমনের ডানা মেলে উড়ে যাওয়া
 
ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় রাস্তার ঈশান কোনে
কখনো-বা নির্জন একলা আমার দীঘল ছায়া
যখন ছুঁয়ে থাকে পথ চলতি মানুষের ফিরে যাওয়া
 
মুছে যেতে যেতে সেই কাটাকুটি খেলা বেহিসেবি ছায়া
যখন আমায় বলে, কি পেলি তুই জীবনের কাছে
সেই-তো আমিই আছি শুধু একলা তোর সাথে
 
আমি বলি, ক’জন কথা বলে নিজেরে ছায়ার সাথে!

Wednesday, April 18, 2012

বুকপকেট


বুকপকেটে রাখা গুঁড়ো গুঁড়ো অনুভবগুলো
কখন যেন মিশে গেছে নোনা জলের সাথে
সমুদ্রস্নানে ভুল করে, নেমে ছিলাম

এখনও বুক পকেটটা আনমনে আঁচড়ালে
নখের ভাঁজে ছুঁয়ে যায় সেই গুঁড়ো গুঁড়ো,
উঁহু অনুভব নয়, শুকনো বালি

তবু সেই বুকপকেটটা আজও জানান দেয়
গুঁড়ো গুঁড়ো বালিতেও বেঁচে ওঠে ক্যাকটাস
মরিচিকা নয়, অনুভবের ইতিহাস

বুকপকেটটা রয়েই যায় বুকপকেটে...

Saturday, April 14, 2012

অস্পষ্ট ভাবনা


তোমায় বৃষ্টি ভেবে ভিজেছিলাম
হাওয়া মনে করে সমস্ত নিঃস্বাস
ভেঙে যাওয়া শরীরে উদাসী ঢেউ
নেমে আসে মন কেমনের ছেঁড়া মেঘ

বারান্দায় রেলিঙের ওপাশে হাত বাড়িয়ে
ছুঁতে চাই যে মুহুর্তগুলোকে আলগোছে
অস্পষ্ট কথা অপূর্ণ স্বপ্ন ভিজতে থাকা
স্মৃতি, কঠিন পাথর যেন নিমেষেই

তোমায় সবুজ ভেবে চোখ মেলেছিলাম
আলো মনে করে সমস্ত বিশ্বাস
ঘামে ভেজা শরীরে স্লেজের দাগ
পিছু নেয় পড়ন্ত বিকেলের রোদ

আরেকবার পথ চলার ক্লান্তি নিয়ে
আপসে ভিড় করি নিজের কাছে
দাঁড়ি, কমা, সেমিকোলন নিশ্চুপ শূন্যে
ছায়া ছুঁয়ে যায় গোপনে রাখা দালানে

তোমায় দেখবো বলে প্রকৃতি সাজিয়েছিলাম
বিশ্রাম শেষে চলে গেছে মফ:স্বল ট্রেন,
আমি ভালোবাসতে চাই ভালোবাসবো বলে
শুধু ভালবাসি বলে নয়, ভালবাসা রেখে...

Friday, April 13, 2012

মন বলে কেন


পথের বাঁকে হারাই মিছে
পথ যে চলে তার খেয়ালেই
পথের ধুলো চোখ নামালো
কাঁদিস কেন পথ হারালেই

আকাশ জুড়ে মেঘ করেছে
নামছে আঁধার সময় আগে
মিছেই কেন ভয় পাচ্ছিস
মনটা ভরুক অস্ত-রাগে

বৃষ্টি নামুক, ছুঁয়ে দিক
সবুজ পাতায় ধুলোর স্তর
ভিজবি বলে পেছোস কেন
ভিজিয়ে রেখে মনের ঘর

বুঝিস যখন সব কিছুই
তবু, থাকিস কেন উপোষী
আমার ঠোঁটে লেগে থাকা
তোর ঠোঁটের সেই হাসি

Monday, April 9, 2012

পথের বাঁকে


পথের বাঁকে আনমনে চলা
একটা জোর হাওয়া, যা ঝরো নয়
আর একটা মন কেমন করা
গোধুলি আলো আছড়ে পরে
চুমু খায় মুহুর্তের চৌকাঠে..
বৃষ্টি নেমে আসে আবার...

পথের বাঁকে পথ হারাই আমি
সন্ধ্যে নামার মুখে একাকী
পশ্চিমাকাশটা এক অদ্ভুত
লাজে রাঙা হয়ে তাকিয়ে থাকে,
জানি না কার তরে..
বৃষ্টি নেমে আসে আবার...

দিগন্তের ওপাশে একফালি মেঘ
ভেসে ভেসে আসে আমার বুকে
আর নিজের খেয়ালেই বৃষ্টি হয়ে যায়,
তবু বৃষ্টি নেমে আসে আবার..
আর হাঁটতে হাঁটতে পথের বাঁকে
আমিই পথ হয়ে যাই...