Wednesday, August 31, 2011

সম্পর্কের জামাকাপড়


এখানে কোনো ট্রাফিক নেই, সবুজের হাতছানি
তবু রোজ-জামাকাপড় মেলবার দড়িটা
ছিঁড়ে এখন ঝুলছে ছাদের দু প্রান্তের খুঁটিতে..

নথিভুক্ত আলাপচারিতা, ভেজা মন,
কাঁপা চোখ, ধুলো সিঁড়ি আর
ভাঙাচোরা মফস্বলি একা রাস্তা..
আমার মতই!
ইরেজারে মুছে দিতে চেয়েছি অপেক্ষাকে,
তোমার যে সময়টাকে
আমি কোনদিনও ছুঁতে পারিনি..
কেন এমনটা হয় বুঝিনা!
সুখ আসবে ভাবতে সময় লাগে
দুঃখকে কিভাবে আরও ক্লান্ত করা যায়
আলোচনা সাপেক্ষ, জেনে রাখা ভালো
নোনা ধরা দেওয়ালের চিত্র!

তবু রোজ-জামাকাপড় মেলবার দড়িটার
রং বোঝা যায় না এখন আর
বোঝা যায় শুধু, ছিল, কখনও...

Monday, August 29, 2011

অন্য ছায়া


জানিনা কবে ফিরে পাবো নিজেকে
কেন যে হল সে সব আবেগ হারাতে!
দোষ আমার কি ছিল আজো বুঝিনি,
একসাথে দেখা স্বপ্নের হিসেব মেলেনি;
‘ভাবলেই চোখ জলে ভিজে যায়,
এত কষ্ট কেন ভালোবাসায়..!’

সিঁড়ি ভেঙে আজও ওঠা নিজের শরীরে
তবু একলাই পথ চলা মানুষের ভিড়ে,
ছেড়ে দেওয়া হাত আজ মুঠোর চাপে
কথা রাখেনি যে কথা সেই আহ্লাদে,
‘ভাবলেই চোখ জলে ভিজে যায়,
এত কষ্ট কেন ভালোবাসায়..!’

দূরে দাঁড়িয়ে তবু সেই অনেক দূরের নীল সীমানায়
যে সব পাখি উড়ে ফেরে সবাই কি বাসা খুঁজে পায়!
ঠিক ভেবে যা ভুল পরে থাকে পথের পাশেই
খেলা ভালোবাসা বুদবুদ মিলিয়ে যায় আবেশেই..
‘ভাবলেই চোখ জলে ভিজে যায়,
এত কষ্ট কেন ভালোবাসায়..!’

অনেক বছর পরে জ্যোস্নায় কোন বারান্দায়
পাশে ভাসে ও কার ছায়া তা মেলানো দায়
নীরবেই পথ পাড়ি দেয় ফেলে আসা সুখ-অসুখ
সেই ছায়াও হয়তো মেলাতে চায় অন্য কোনো মুখ
‘ভাবলেই চোখ জলে ভিজে যায়,
এত কষ্ট কেন ভালোবাসায়..!’

Saturday, August 27, 2011

ভালবাসা ভালো না


বিকেল বেলা মেঘের ভেলা উদাস মনে আজও একলাই চলা
অনেক ভেবে অনেক কেঁদে থেকেই যায় কিছু কথা না বলা,
জীবন যেখানে রেখেছে যেমন, আমি সেখানেই আছি তেমন
আমিও থাকব সেখানে তেমন, জীবন যেখানে রাখবে যেমন,
যখন তুমি ছিলে না, তখনও ছিলাম আমি
তুমি এসে চলে গেছ, এখনো আছি আমি..
তোমার আসাতে আমার জীবনের শুরু ছিল না,
তোমার চলে যাওয়াতে আমার জীবনের শেষও না,
স্বপ্ন ভাঙ্গে, মন ভাঙ্গে, মানুষ হারায়, উত্থান পতন সেই একই ঘটনা
জীবন থেমে যায় না, ভালবাসা হারায় না, তবু ভালবাসা ভালো না!

Thursday, August 25, 2011

রাত-পাখি


        একটা বসন্তবৌরি পাখি
পাশের কলকে ফুলের সরু ডালে
কাঁপন তুলে উড়ে গেল হুস করে;
ওপাশে মস্ত একটা বটগাছ,
জড়াজড়ি করে রয়েছে একটা অসথ্হ গাছও,
সারি সারি কৃষ্ণচূড়া আর রাধাচূড়া
পাগলা হাওয়ায় মাথা দোলাচ্ছে,
হাত পা নাড়ছে পাগলের মত,
দু'হাত তুলে জংলির মত
চুমু খাওয়া বৃষ্টিকে বলছে,
এই না, না; আর নয়.. অসভ্য.. থামো এবার !

বসন্তর বনের হাওয়া
শালের পাতায় ফুরফুর করে
তার আধভেজা শরীরে,
পাখিটি ফিসফিসিয়ে বৃষ্টিতে ভিজছিল এতক্ষণ
ঠোঁট দিয়ে ভিজে পালক পরিষ্কার করছিল

ভেজা ভেজা নরম আহবানে
শরীর তখন পাখির শরীর হয়ে যায়

রাত-পাখির মতই...

Monday, August 15, 2011

উপহার

সুমন ভেবেছিল শেষ মুহুর্তে
বেজে উঠবে রিংটোন
কিন্বা ইশ্বর নিজেই এসে ক্ষমা চাইবে
তার ‘প্রিন্টিং মিসটেক’এর জন্যে..
কিন্তু না!
বাই ১ গেট ১ এ কেনা ফিনাইল
আর কিছু পারুক বা না পারুক
তাকে নিয়ে গেল কলুষিত এই পৃথিবী থেকে..

তার শেষ চিঠিতে ছিল,
“কোনটা সবচেয়ে দামি?
ভালোবাসা না চোখের জল
পারবে উত্তর দিতে তুমি?
কিছু তো দিতে পারিনি, তাই
ভালোবাসার একটা মূল্য
তোমায় দিয়ে যেতে চাই,
তোমার জন্যে উপহার-
আমার চোখের জল!

আর
রেখে গেলাম একটা বোতল!”
.

Thursday, August 11, 2011

মন রে ...

মিথ্যে স্বপ্ন সত্যি ভেবে
আদর করে ছুঁই,
বিয়োগ বিয়োগ অঙ্কে শুধু
হাতে রইলি তুই..

আমি ভাবতাম, কাঁদলে পরে
ধুয়ে যাবে সব কষ্ট,
এখন দেখছি, কেঁদে কেঁদে
সময় হল নষ্ট..

তুই মন, এখনো কি
আরও যেতে চাস!
তাহলে সঙ্গে নে তোর
কষ্ট বারো মাস...

Monday, August 8, 2011

অন্য বোধ

শ্রাবণ রাত্রির
বৃষ্টিমাখা জ্যোস্না
চারদিকে এক রূপকথার জগত
ফুটিয়ে চলেছে, মায়াবী মেঘের
আবছা পথ বেয়ে
ছুঁতে চাই তাকে..
সে কোনদিনও জানবে না!

তুমি বললে,
জানিয়ে কি হবে?

একটি উড়োজাহাজ
বহু দুরের বিষন্নতায় ডাক দিয়ে
মস্ত আকাশে হারিয়ে যাচ্ছে ক্রমে..
মানুষ বারবার
সীমানা লঙ্ঘন করে,
হারায় তার যা কিছু নিজস্ব জিনিস..
জানাতে চায় শুধু ভালোলাগা বোধগুলো,
যদিও সে বা তারা জানে
জানিয়ে কিছু হয় না,
বিছানায় ওপড়ানো গাছের মতো
পরে থাকে নিথর হয়ে..
ঘুম নয়, কিন্তু এক
গভীর আচ্ছন্নতায় ঢেকে ফেলে তাকে..
সবাই কি সবকিছু বোঝে
না জানতে পারে!!
.

Thursday, August 4, 2011

এমন তো নয়

আমার বুকে তোর যে ছবি
মন খারাপের আগুন জ্বালায়
মিথ্যে রঙের ক্যানভাসেতে
খেলা শেষের স্বপ্ন পোড়ায়

এমন তো নয় এই কষ্টটা আমার নিজেরই নয়
অন্য কোনো কষ্ট বয়ে নিয়ে যায়...

আর যখন তুই চোখ ঝলসাস
সুখের দিনে, সুখ ভুলে যাস
অন্য খেলা খেলতে গিয়ে
আমায় খুঁজিস চলতে গিয়ে

এমন তো নয় এই ভাললাগাটা নিজেরই নয়
অন্য কোনো ভালোলাগা নিয়ে যায়...

Wednesday, August 3, 2011

হিজিবিজি

"একটা সাদা কাগজ তাতে অনেক হিজিবিজি
কাগজ জুড়ে তোরই আঁচড় তাতেই তোকে খুঁজি
তোর আঁচড় শরীর জুড়ে মনের মধ্যে ক্ষত
সাহস করে খুঁজছি জীবন একটা মনের মতো..

একটা সাদা কাগজ তাতে শরীর ছিল তোর
সেই আগুনে ডুবতে গিয়ে বিপদ হলো মোর
ঠোঁটের ডগায় চোখের পাতায় তোর কলমের ছোঁয়া
এখন শুধু তোর ছবিতে যায় যে তোকে পাওয়া..

একটা সাদা কাগজ তাতে আটকে পড়া মন
তার সাথেই যুদ্ধ করে চলছি সারাক্ষণ..."
.

Monday, August 1, 2011

বিকেল শেষে


ক্রমশ শুন্যতা
ঘিরে ধরে চারপাশে
বৃষ্টিক্লান্ত মেঘ নিরুসাহ
রতিসুখে বাতাসের স্পর্শে
ধীরে ধীরে মাথা নাড়ে
আরও সবুজের দল

পা ভিজে যায় নরম ঘাসে
একটানা একঘেয়ে বিকেল শেষে
মায়াময় জটিল সন্ধ্যে
ছুঁয়ে যায় হৃদয়ের গভীর তলদেশ
না পাওয়া ইচ্ছেগুলো তখন
পাওয়ার অগভীরতায় মুগ্ধ হয়

লেজ নাড়া শাবকের দল
ডানা ঝাপটায় নীড়ে ফেরা পাখি
কপাল ছুঁয়ে যায় ভেজা ফড়িং
পথের বাঁকে মিলিয়ে যাওয়া
ওরা দু'জন ক্রমশ অস্পষ্ট হয়
হারিয়ে যায় আরেকটি বিকেল

অচেনা মুখগুলো বড্ড ভাবায়
যেখানে কোনো অস্ত্বিত্ব নেই তোমার
শূন্যতা বাসা বাঁধে বুকে, মনেতে...