Thursday, May 24, 2012

উত্তাপ বুকে


তোমায় আলো দেব বলে
নিজেকে আগুনে জ্বালিয়েছিলাম
পোড়া ছাই এখন এলোমেলো
হাওয়ায় দিকভ্রান্ত পথ খোঁজে
বেখেয়ালে নেমে আসা বৃষ্টি
মিশিয়ে দেয় মাটির সোঁদা-গন্ধে

পথ চলতি মানুষের ভিড়ে
ছুঁয়ে থাকা ছায়া অন্ধকারে
হারিয়ে যেতে যেতে কখনো-বা
দু’এক মুঠো রোদ্দুরে ছলকে ওঠে
বেঁচে থাকার নিরব অভিমান
উত্তাপ ছড়িয়ে যায় বুকের ভিতর

তোমায় ভুলে যাব বলে
মনে করার বৃথা চেষ্টা করেছিলাম...

Sunday, May 20, 2012

তুমি আসছ..


উড়িয়ে নিয়ে গেল ছাতা
চোখ ঢেকে দিল ধুলোয়
চশমাটা এদিক অধিক খুঁজতেই
অস্পষ্ট আলোয় দেখলাম
তুমি নেমে আসছ..

দড়াম করে খুলে গেল দরজা
বালিয়ারি সদ্য মোছা ঘরে
তড়িঘড়ি বারান্দায় রেলিঙে হাত
নতজানু গাছের ফাঁক দিয়ে
তুমি নেমে আসছ..

ছাদেতে মেলা কাপড়-জামা
ডিস-এন্টেনায় বসা বিকেল-ঘুঘু
তবু হাতের মুঠোয় ফোনের গানে
আর আকাশনীলের কালো রঙে
তুমি নেমে আসছ..

হঠাৎ জমা হওয়া ভিড়
হাওয়ায় ওড়া অবাধ্য আঁচল
একা পথের অনেক দূরে চলা
এলোমেলো চুলে আর চোখের কোণে
তুমি নেমে আসছ..

Saturday, May 12, 2012

কথার পথে


তুমি আমায় স্বপ্ন দিয়েছে, আর পথে দিয়েছে কাঁটা
কাঁটার আঘাত হৃদয় জুড়ে, তবু সেই পথেতেই হাঁটা
ইচ্ছে হলেও যায়না ফেরা, মাঝ-পথ থেকে একা
একা একাই চলতে হয়, পথের শেষ যায়না দেখা

সময় করে আকাশ পানে চেও, হাত বাড়িও অসীমে
অসীম ছাদে কথাগুলো, মেঘ হয়েই কখনো বৃষ্টি নামে
এক আঁজলা নিঝুম স্বপ্নে, যে কথা হয়নি বলা গানে
গানের খেয়ায় অনুভুতি, কাঁটা তারেই সুর তোলে প্রাণে

তবু এই আমি, শব্দ আর কথা দিয়েই মন জুড়াতে চাই
শব্দ সুরসুড়ি দেয় কাগজে, আর আমি কথায় ভিজে যাই

Wednesday, May 9, 2012

মজ্জায়


আরেকবার থমকে দাঁড়াই যেতে গিয়ে
বিবর্ণ দুপুরের পর আসে রাত্রি
যন্ত্রনায় নিচু মাথা টেবিলের পরে

পাশ ফিরে পার্কের ধারের রেলিঙ
পূর্নিমার চাঁদ ঝিলের জলে সাঁতার কাটে
নিয়ন আলোয় পরিত্যক্ত সময়
আলখাল্লা পড়া লোকটা মুচকি হাসে

জড়ো করে রাখা একরাশ রজনীগন্ধা
গলায় মালা, আবার কাকেদের উত্পাত
শিরায শিরায় কাঁপন তোলে সেই হাসি
বিবর্ণ দুপুরের পর আসে রাত্রি
মজ্জায়, আরেকবার ভোর হবার ইঙ্গিত

“তপন-উদয়ে হবে মহিমার ক্ষয়”

“পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে”...