Saturday, August 18, 2012

আর কখনো চাইনা...


অনেক দূর থেকে ভেসে আসা
জোনাকি আলো স্থির হয়ে থাকে
ঘুম ভাঙ্গে আবছায়া পরী-দের
জানলার ভেজা কাঁচে আঙুলের দাগ
অলস আড়মোড়া আর ঢুলুঢুলু চোখ
টেনে দেয়া পর্দা আর আলগোছে
ছোঁয়া শরীরে আদিমের হাতছানি
গ্লাসের লাল জলে অথবা ঝুরিভাজায়
উঁহু, তোমাকে আর কখনো চাইনা...

জানলার কাঁচ ভেঙে নেমে আসুক
কোনো রাত পরী, কিংবা শীত পোশাকের
উষ্ণতায় জন্ম নিক কোনো অচেনা মুখ
চেনারাই তো আজ অচেনা, অনেক দূর
থেকে ভেসে আসা অস্পষ্ট আলো
নিরুদ্দেশ প্রান্তরে গুমরে ওঠে কোনো
বাউল সুরে, গির্জার ঘন্টাধ্বনিতে
দু’হাত বাড়িয়ে ছুঁয়ে যাক আজন্ম ভালোলাগা
উঁহু, তোমাকে আর কখনো চাইনা...

No comments:

Post a Comment