চোখ ভরে নরম অভিমান
ফুটে ওঠা শাপলা কুঁড়ির মত
আমার শরীরের ঢেউগুলোর কথা
তোমার চোখ এড়িয়ে যায়..
আমার আগুন-রঙের ওড়নার আকুলতা
নিঃশব্দে সূর্যের আলোয় শিশিরে গন্ধ মেখে
বকুল বকুল গন্ধে ছুঁয়ে যায় বৃষ্টি,
তবুও তুমি এক অন্য মধুলিমার জন্য
কবিতা লেখ রাত জেগে..
তুমি চেন না, তোমার বারান্দায়
জড়িয়ে থাকা কামিনী ফুলগুলো চেনে,
অঝোরে ছড়িয়ে পড়া রোদ
পায়ে পায়ে পেরোনো উঠোন
আমায় ছুঁতে চায় অহরহ..
উত্তর আসেনি আজও যে চিঠিতে ছিল
ফুল ফোঁটার অনুভব
তবুও তুমি এক অন্য মধুলিমার জন্য
স্বপ্ন দেখো পূর্নিমা রাতে
আমি গলে যাই মোমবাতি হয়ে..
সংকোচে অনেকবার দেখেছি তোমায়
পাশ কাটিয়ে গেছ তুমি
আকাশের চাঁদ নই, প্রস্ফুটিত গোলাপও
জোনাকি চুপিসারে নেমে আসে কিশোরী খোঁপায়
ছুটতে ছুটতে অন্তর্বাস ছিঁড়ে পড়ে..
শিবরাত্রে মন ভেসে যায় স্রোত হয়ে
তবুও অন্য মধুলিমায় তোমার রাত শেষ হয়
তোমাকে যেন শুধু একবার ডেকে বলতে পারি
আমিই সেই স্ফুলিঙ্গ
ভুলে যাওয়ার মধ্যেই পাব তোমাকে...
No comments:
Post a Comment