Monday, August 26, 2013

ফিরে যেতে চেয়ে


ছন্নছাড়া বাদল মেঘে
রোদ ছায়া মেখে মনে হয়
তোমার সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে যাই
বাঁক ঘুরতেই নেমে আসে
মন কেমন করা জল ছড়ানো হাসি
আর বিকেল শেষের আলোয়
হাত ধরে হারিয়ে যায় আরেক বাঁকে
তবু ফিরে যেতে চেয়ে ছুঁয়ে থাক
সেই প্রেমকেই..

ঝলমলে আকাশের কোনে
আলোকমেঘ ছড়িয়ে দেয় জ্যোৎস্না
ফোঁটা ফোঁটায় ঝরে পড়ে নিষিদ্ধ ঈশারা
আর শিকড়ের টান ছিড়ে
ভেঙ্গেছিল যে বিশ্বাস সঙ্গোপনে
মানত করে বাঁধা কড়ি-সুতো ভিজে যায়
ভুলে যাই প্রতিবাদের নির্মম ভাষা
তবু ফিরে যেতে চেয়ে ছুঁয়ে থাকি
সেই প্রেমকেই..

No comments:

Post a Comment