Friday, June 30, 2017

আয়নার কোণে


এখনো সেই চ্যাটচ্যাটে স্পর্শ
সোঁদা মাটির গন্ধের মতো
আছড়ে পড়ে জমে থাকা জলে
যে কোণটায় তাবিজ পড়ে আছে
কিংবা ঘুলঘুলি বেয়ে নেমে আসা
বৃষ্টি জলের দাগ শুকনো হয়ে
ফুড়ুত করে একদিন উড়ে যাওয়া
চড়ুইটার মতোই পুরোনো জমে থাকা
খড়কুটো কালবৈশাখীর দাপটে
সারা ঘর জুড়ে ধুলো আয়নায়
আঙুলে দাগ কেটে কিছুটা স্পষ্ট

নিজের মুখের সেই কাটা দাগ
উল্টোদিকে মায়ের মন কেমন করা
চাউনি আরেকবার ছুঁতে চায়
আয়নার কোণটা, যেখানে আজও
মায়ের টিপের চ্যাটচ্যাটে আঠা
ক্রমশ ঢাকা পড়ে যায় ধুলোয়

No comments:

Post a Comment