নোনা জলে পা ডুবিয়ে
হাঁটতে থাকি ঢেউয়ের কিনারা ধরে
ভেজা পায়ে বালির আঁচড়
চোখে মুখে হাওয়ার ঝাপটা
আর দূরে সরে এলে
পা জড়িয়ে ধরে বালি
এখনো এত অভিমান কেন তোমার!
সেই ছোট্ট ছেলেটি
আজ অনেকটাই বড়
যার মা-কে কেড়ে নিয়েছিল সুনামী
তবু মা-কে তার মনে পড়ে এখনো
আর শিখে নেয় ঢেউ পেরিয়ে
উজান বেয়ে নৌকায় মাছ ধরা
এখনো এত অভিমান কেন তোমার!
হাতে হাত ধরে হাঁটতে হাঁটতে
ছেলে মেয়ে দুটো মিশে যায় আরও দূরে
বিকেল পেরিয়ে সাঁঝ বেলায়
যারা ফিরে আসে মাছে ভরা জাল নিয়ে
শরীরের সাথে সাথে
ওদের চোখও থাকে ভিজে
এখনো এত অভিমান কেন তোমার!
তবু ফিরে আসতেই হয়
জামা কাপড়ের আবডালে
জড়িয়ে থাকা নোনা বালি আর
ঢেউয়ের বিশ্রামহীন অনিশ্চয়তা পেরিয়ে
নীড়ে ফেরা পাখিগুলোও জানে না
আগামী ভোরাইয়ের ঢেউয়ের আনাগোনা
এখনো এত অভিমান কেন তোমার!
হাঁটতে হাঁটতে পৌঁছে যাই নিজের কাছে
উত্তর মেলে না বলেই
আবার শুরু হয় পথ চলা
পাঁজরের চোরা কুঠুরিতে
ভেসে বেড়ায় যে সব নোনতা স্বাদ
বালিয়ারি ঢেউয়ে মন কেমনের ক্ষণে
এখনো এত অভিমান কেন
তোমার!
No comments:
Post a Comment