স্বপ্ন দেখবে বলে ওরা স্বপ্ন দেখে বারবার
চারতলা ফ্লাটে জানলার ধারে
দিনরাত মাথা নিচু করে পড়ে
সেই নাকি ভালো ছেলে
মরলে পাড়ার কোনো বৃদ্ধ
সেই ছেলের পথ নাকি রুদ্ধ
ওরাই আসে সব ফেলে
দগ্ধ সিগারেট পোড়ে কখনো-বা গলির মোড়ে
ভাঙ্গতে যে চায় ওরা সব কিছু গায়ের জোরে
যে মেয়েটির হয়নিকো বিয়ে
বর পালিয়েছে পণের টাকা নিয়ে
ভালো ছেলের দল দেখে চুপিসারে
গুলতানি ছেড়ে ওরাই তখন
খুঁজে ফেরে বরের আসন
চাঁদা তুলে পণের জোগাড়ে
শনিবারে রক্ষাকালী এভাবেই চলে জোড়াতালি
ওরা নাকি রকবাজ ওদের ভাঁড়ার একেবারে খালি
বেপাড়ার যদি কোনো মেয়ে
চলে সেথা আশ-পাশ দিয়ে
বেপরোয়া কলি আর শিস
আসলে ক্ষোভ কিছু না পাওয়ার
নতুন গানের নৌকা বাওয়ার
স্নিগ্ধ প্রেম ওদের খবর নিস
অজস্র হিন্দী গান মুখে মাতাল পদক্ষেপ বুকে
দিলে আওয়াজ কেউ পাড়ার মেয়েকে ওরাই ফের রোখে
ভোরবেলা ঘুম থেকে উঠে
কোনমতে ব্রাশটা গুঁজে মুখে
মা চেঁচায় ওদিকে গলা চিরে
থমকে দাঁড়ায় মোড়েতে এসে
রঙিন স্বপ্নে সবুজ ইচ্ছা মেশে
হারিয়ে ফেরা মুহূর্ত এসেছে ফিরে
বেসাতির কারবার তবু সুখী সংসার
স্বপ্নের খোঁজে ওরা ফেরে যে বারবার
গাছতলা রাস্তার ধার ফিরে আসে বারবার
স্বপ্ন দেখবে বলে ওরা স্বপ্ন দেখে বারবার
No comments:
Post a Comment